২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপাল মডেল স্কুল ও কলেজ মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চট্টগ্রামবাসী।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চসিক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহিদ মিনার প্রসঙ্গে তাদের মতামতের ভিত্তিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মেয়র বলেন, ‘নির্মাণাধীন শহিদ মিনারের দৃশ্যমান না হওয়া এবং সিঁড়ি সংকীর্ণ ও বয়োবৃদ্ধদের উপযোগী না হওয়া নিয়ে অনেকের অভিযোগ আছে। এ বিষয়টি কীভাবে সমাধান করা যায় তা বোঝার জন্য সংশ্লিষ্টদের নিয়ে আমরা একটি কমিটি করে বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। কমিটির মতামত ও আজকের সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো এবারের শহিদ দিবসে গতবারের মতো মিউনিসিপাল স্কুল প্রাঙ্গণে আমরা শ্রদ্ধা নিবেদন করব।’
সভায় বিশিষ্টজনরা বলেন, ‘মেয়র রেজাউল যেভাবে দৃঢ়তার সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের কাছ থেকে ফুটপাত উদ্ধার করেছেন সেভাবে চট্টগ্রামের শহিদ মিনার নিয়ে নাগরিকদের যে দাবি তা বাস্তবায়নে নেতৃত্ব দেবেন বলে আমাদের আশা।’
সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ১৪ দলীয় জোট নেতা বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. নুরউদ্দিন, কালাম চৌধুরী।
এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, নাট্যজন সুচরিত দাশ খোকন, সমাজসেবী দীপঙ্কর চৌধুরী কাজল, অলক ঘোষ, রাশেদ হাসান, প্রণব চৌধুরী বক্তব্য রাখেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চৌধুরী ফরিদ, কলিম সরওয়ার, ফেরদৌস হাসান, শহীদুল্লাহ শাহরিয়ার।
মেয়রের একান্ত সচিব আবুল হাশেম এবং নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, অধ্যক্ষ আবু তস্লেব বেলালসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম/ইসরাত চৈতি/অমিয়/