বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ২৬ মার্চের আগেই উদ্যোগটি বাস্তবায়ন করতে ইতোমধ্যে নগরের পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় ৩০ একর জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থান থেকে ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি জায়গাটি এক্সকাভেটর ও পেলোডার ব্যবহার করে উঁচু-নিচু স্থানগুলো সমতল করে চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়তলী থানাধীন উত্তর কাটুলী মৌজার সর্বমোট ৩০ একর জমির ওপর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৩০ একর জায়গার মধ্যে ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থ অর্থাৎ ১৯ হাজার ৫০০ বর্গফুট সমপরিমাণ জায়গার ওপর অস্থায়ী ভিত্তিতে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, আশা-আকাঙ্ক্ষার প্রতীক চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ। আমাদের প্রচেষ্টা থাকবে ২৬ মার্চের আগে অস্থায়ী ভিত্তিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করবে।’
এস এম ইফতেখারুল/জোবাইদা/