নোয়াখালীতে ৮৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক জলদস্যু মো. জসিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ মার্চ) রাতে সূবর্ণচর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. জসিম বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মাইজছড়া গ্রামের বাসিন্দা। দস্যুতার চার মামলায় তাকে ৮৪ বছরের সাজাপ্রাপ্ত তিনি।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ গ্রেপ্তারের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় জলদস্যু বাহিনীর প্রধান ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিমকে সূবর্ণচর থেকে গ্রেপ্তার করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’
তিনি জানান, জসিম একজন পেশাদার অস্ত্রধারী জলদস্যু। তার বাহিনীর লোকজন উপকূলের জেলাগুলোতে ডাকাতি, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিল। তার নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ ও ভোলা জেলায় জেলেদের আটক ও মুক্তিপণ আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। এ ধরণের চার মামলায় যথাক্রমে ৩২, ১৮, ২৪ ও ১০ বছরের সাজা এবং আরও দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ইকবাল মজনু/সাদিয়া নাহার/অমিয়/