চট্টগ্রামের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলা থেকে জজলো মাইকেল সিজারবেয়া নামে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে হোটেলটির নবম তলার ৯১৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, তিনি পোল্যান্ডের বায়িং হাউস বিগস্টারের কোয়ালিটি পরীক্ষার জন্য চট্টগ্রামের ইপিজেড এলাকার কেন্টপার্ক গার্মেন্টসে এসেছিলেন। তিনি ওই বায়িং হাউসের হয়ে ২০১৮ সালেও বেশ কয়েকবার চট্টগ্রামে এসেছিলেন। তিনি প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে কর্মরত ছিলেন। কীভাবে তার মৃত্যু হলো তা তদন্ত করছে পুলিশ।
নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) দক্ষিণ মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহত বিদেশি নাগরিক জজলো মাইকেল গত ২৪ ফেব্রুয়ারি পেনিংসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষে ওঠেন। আজ সকালে তিনি দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর চাবি দিয়ে রুমের দরজা খুললে দেখা যায়, দরজার পাশে একজনের লাশ পড়ে আছে এবং রুমটি রক্তাক্ত অবস্থায় আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং কারা ঘটিয়েছেন, তা জানতে তদন্ত চলছে। আমরা সিসিটিভি ফুটেজসহ সবকিছু যাচাই-বাচাই করছি। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুনের ঘটনা। নিহতের মাথার পেছনে ও শরীরের আরও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।