গত দুই মাস ধরে একের পর এক ডাকাতি, চুরির ঘটনায় গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। কিছুতেই যেন থামানো যাচ্ছে না এসব অপ্রীতিকর ঘটনা। গ্রামে হাফপ্যান্ট পরা বাহিনীর আতঙ্ক ছড়িয়ে পড়ায় জনসাধারণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এবার দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে খোদ উপজেলা পরিষদের ভেতরে। সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও সকল নিরাপত্তা বেষ্টনী টপকে পরিষদের স্টাফ কোয়ার্টারে এক সরকারি কর্মচারীর বাসা থেকে ১০ ভরি সোনা চুরি হয়েছে।
গত ১২ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের ভেতরে প্রমোট ভবনের (মহিলা শিক্ষক হোস্টেল) পাশের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কর্মচারী বাদী হয়ে থানায় জিডি করেন। ভুক্তভোগী কর্মচারী স্বপ্না রানী দাস জেলার বিআরডিবি কার্যালয়ের প্রধান অফিস সহকারী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্বপ্না রানী। তিনি খবরের কাগজকে বলেন, ‘এ সোনা আমার স্বপ্ন, সারা জীবনের সঞ্চয়। আমার সন্তানদের ভবিষ্যৎ। চোররা মুহূর্তেই আমাকে সর্বশান্ত করে দিল।’
তিনি আরও বলেন, আমার বাসার এক দিকে ইউএনও অফিস আর অন্যদিকে এসিল্যান্ডের বাসভবন। এ ছাড়া উপজেলাজুড়ে ৩২টি সিসি টিভি ক্যামেরা রয়েছে। এরপরও এখানে চুরির ঘটনা ঘটেছে। এর আগেও এই ভবনের নিচতলা থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। পাশের ভবনের বাসিন্দা সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী মমতাজ বেগমের বাসায় গত কয়েক মাস আগে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। সেদিনও মমতাজ বেগমের স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোররা।
এদিকে গত দুই মাস ধরে জেলায় কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে। গ্রামে গ্রামে ডাকাতি করছে হাফপ্যান্ট পরিহিত এক অস্ত্রধারী বিশেষ ডাকাতদল। গত ফেব্রুয়ারিতে একুশে টিভির বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস ও যায়যায়দিনের প্রতিনিধি শেখ সালাউদ্দিনের বাড়িসহ আরও চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের ও পূর্ব সৈয়দপুর গ্রামের কয়েকটি বাড়িতেও একই ঘটনা ঘটে। ডাকাতি হওয়া কোনো বাড়ির সোনা ও মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা এখনো উদ্ধার হয়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জেলার মডেল থানার উপপরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার বলেন, ‘উপজেলার ভেতরে সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেছি। আসামিদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘চুরির ঘটনাগুলো আমি আসার আগেই ঘটেছে। মঙ্গলবার স্বপ্না রানীর বাসায় চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। চুরি বা ডাকাতির ঘটনা যেকোনো এলাকায় ঘটতে পারে। সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’