কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমকে লক্ষ্য করে গুলির অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার সঙ্গে বৈঠক করি। হঠাৎ সাবেক এমপি আব্দুর রহমান বদি ও চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ আমাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। তাদের সঙ্গে দুটি শর্টগান ও একটি পিস্তল ছিল। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।’
তবে গুলি করার বিষয়টি অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমেদ বলেন, ‘সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। বরং নুরুল আলম চেয়ারম্যানসহ তার লোকজন আমার কর্মীকে ধরে নিয়ে যায়। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।’
গুলি করার বিষয়ে জানতে সাবেক এমপি বদির মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের বৈঠকে গুলিবর্ষণের বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
শাহীন/সাদিয়া নাহার/