কুমিল্লার মুরাদনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনেয়ারা বেগম (৪০) মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মনির হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, সকাল ১০টার দিকে হোসনেয়ারা বেগম কোম্পানীগঞ্জ বাজারে ঔষধ আনতে যায়। এ সময় কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় রাস্তা পার হতে গেলে মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা মারে। পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
জহির শান্ত/ইসরাত চৈতী/