জাহাজভাঙা শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। একই সঙ্গে আগামী ১০ জুনের মধ্যেই বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধ ও আসন্ন বাজেটে শ্রমিকদের জন্য রেশনিংব্যবস্থা চালুর লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবিও জানিয়েছেন।
শুক্রবার (৩১ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব চত্বরে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি ১১১(৫) অনুসারে জাহাজভাঙা শ্রমিকদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস, মে মাসের পূর্ণ বেতন এবং জুন মাসের আংশিক বেতন ১০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহাজভাঙা শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে তাদের জীবন নির্বাহ কষ্টকর হয়ে পড়েছে। উপরন্তু জাহাজভাঙা সেক্টরে ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে নিম্নতম মজুরি ঘোষণার পাঁচ বছর পূর্ণ হওয়ায় শ্রম আইন অনুসারে নতুন মজুরি বোর্ড ঘোষণার সময় হয়ে গেছে। তাই অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে।
পাশাপাশি দ্রব্যমূল্য রোধের স্থায়ী এবং দীর্ঘ মেয়াদে সমাধানকল্পে দেশের দরিদ্র জনগোষ্ঠী ও জাহাজভাঙা শ্রমিকসহ সব খাতের শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে রেশনিংব্যবস্থা প্রণয়ন এবং সারা দেশে শ্রমিক অধ্যুষিত এলাকায় টিসিবির অধীনে ন্যায্যমূল্যের দোকান চালু করার জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানো হয়। সমাবেশে জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশেষজ্ঞ হাসপাতাল প্রতিষ্ঠা এবং জাহাজভাঙা শিল্পাঞ্চলে সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স রাখার জোর দাবি জানানো হয়।
ফোরামের সভাপতি তপন দত্তের সভাপতিত্বে ও সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, জাতীয় শ্রমিক লীগ সীতাকুণ্ড আঞ্চলিক কমিটির সভাপতি মাহাবুবুল আলম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমুল, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী প্রমুখ।