ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা

নৌযানে মায়ানমার থেকে গুলি, আতঙ্কে সেন্টমার্টিনবাসী

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট: ১১ জুন ২০২৪, ০৩:৩৪ পিএম
নৌযানে মায়ানমার থেকে গুলি, আতঙ্কে সেন্টমার্টিনবাসী
সেন্টমার্টিন

সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট লক্ষ্য করে মায়ানমার থেকে আবারও গুলি ছোড়া হয়েছে। দফায় দফায় মায়ানমারের গুলিতে আতঙ্কিত সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এতে চরম সংকটের মুখে দ্বীপের কয়েক হাজার মানুষ। 

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গত সাত দিন ধরে চলছে একই ধরনের ঘটনা। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খবরের কাগজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট লক্ষ্য করে মায়ানমার থেকে আবারও গুলি চালানো হয়। এতে ওই নৌযানগুলো টেকনাফ না গিয়ে আবার সেন্টমার্টিনে ফিরে আসে। গত সাত দিন ধরে মায়ানমার থেকে এভাবে গুলি ছোড়া হচ্ছে। এতে আতঙ্কে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় সেন্টমার্টিনের বাসিন্দারা চরম সংকটে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দ্বীপের চিকিৎসাব্যবস্থা আগে থেকেই দুর্বল। রোগীর অবস্থা গুরুতর হলে নিয়ে যেতে হয় টেকনাফ বা কক্সবাজার। সেখানে যাওয়ার মাধ্যম তো বন্ধ। অসুস্থ কারও অবস্থা খারাপ হলে তো ভয়াবহ পরিস্থিতি হবে। চিকিৎসা, খাদ্যসংকট সৃষ্টি হচ্ছে। সরকারের সহযোগীতা প্রয়োজন।’ 

উপজেলা প্রশাসন জানায়, এই প্রবাল দ্বীপে বসবাস করেন ১০ হাজারের বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে। নৌযানই যাতায়াতের একমাত্র মাধ্যম। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন ট্রলারে করে দ্বীপের বাসিন্দারা আসা-যাওয়া করেন। একইসঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। গেলো কয়েকদিন গুলির মুখে এসব ট্রলার বন্ধ রাখা হয়েছে। 

দ্বীপের বাসিন্দা হাবিবুর রহমান খবরের কাগজকে বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা শেষে নাইক্ষ্যংদিয়া এলাকা দিয়ে পার হওয়ার সময় মায়ানমার থেকে দ্বীপে যাতায়াত করা বোটগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যার কারণে মানুষ প্রাণের ভয়ে পার হতে চায় না। তবে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, নাকি বিদ্রোহীরা গুলি চালাচ্ছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। গত কয়েক দিনে দুই থেকে তিনটি বোটে এ রকম গুলি চালানো হয়। পরে বোট চলাচল বন্ধ করে দেন মালিকরা।

সেন্টমার্টিনের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, মায়ানমারের গোলাগুলির কারণে সেন্টমার্টিন থেকে টেকনাফ যাতায়াত বন্ধ রয়েছে। আমরা কষ্টে আছি। দ্বীপবাসীকে সবকিছু টেকনাফ থেকে আনতে হয়। 

স্পিডবোটচালক বেলাল বলেন, সকালে শাহপরীর দ্বীপ থেকে স্পিডবোটে সাত যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনায় ১০-১২ রাউন্ড গুলি করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী। ঢেউয়ের কারনে কেউ হতাহত হয়নি।

সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, বোটে প্রকাশ্যে গুলি করতে দেখে মানুষ ভয়ে এ রুটে যাচ্ছেন না। তাছাড়া ওই পথ ছাড়া সেন্টমার্টিনে আসার বিকল্প কোনও ব্যবস্থা বা রুটও নেই। প্রতিদিন সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে চারটি ট্রলার ছয়টি স্পিডবোটের মাধ্যমে শতাধিক মানুষ আসা-যাওয়া করার পাশাপাশি খাদ্য ও নিত্যপণ্য বহন করা হতো।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, সম্প্রতি মায়ানমার থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। তাই ওই নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিন যাওয়া যায় কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সংঘাত চলছে মায়ানমারের অভ্যন্তরে। এর জেরে এখন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেলো ৫ জুন সেন্টমার্টিন থেকে ফেরার সময় নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি ছোড়া হয় মায়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এরপর ৮ জুন পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করা হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারে সাতটি গুলি লাগে।

মুহিববুল্লাহ মুহিব/পপি/অমিয়/

দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার
ছবিঃ খবরের কাগজ

দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে পাচারের আগেই প্রায় দেড় কোটিরও বেশি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। 

সোমবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৫ জুলাই) পার্বতীপুর উপজেলার মালিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য পুষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

একইদিন দিনাজপুরের কাহারোল উপজেলার ইছাইল এলাকার একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।  

তবে অভিযানের সময় প্রত্নসম্পদ পাচারচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া পুষ্টি পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তির মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। 

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো সংরক্ষণের দায়িত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সুলতান মাহমুদ/অদিতি/

চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি
প্রকৌশলী জামাল উদ্দিন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রকৌশলী পর্যায়ে পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে মানববন্ধন ও আন্দোলন করেছিলেন ঠিকাদাররা। এর ফলে তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৬ জুলাই) এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) শীর্ষক প্রকল্পের (রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট, এলজিইডি, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম) উপ-পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনকে তার প্রেষণাদেশ প্রত্যাহার করে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে, চট্টগ্রাম জেলার বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে ঢাকা সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে এলজিইডির সদর দপ্তরের নগর ব্যবস্থাপনা ইউনিটের নগর পরিকল্পনাবিদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইফতেখারুল ইসলাম/হীরা

যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ এএম
যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার
প্রাইভেটকার উদ্ধার/ ছবি: খবরের কাগজ

মাগুরা জেলার শতখালী এয়ার জুট মিল সংলগ্ন এলাকায় ফেলে রাখা প্রাইভেটকার ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে মহাসড়কের পশ্চিম পাশে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির সামনের নম্বরপ্লেটে ঢাকা মেট্রো-গ-৩০-১০২৮ লেখা থাকলেও এর নিচে আরও একটি নম্বরপ্লেট থাকার বিষয়টি নজরে আসে। এছাড়া গাড়িটির পেছনে কোনো নম্বরপ্লেট ছিল না। গাড়ির একটি দরজা খোলা অবস্থায় ছিল এবং সামনের লাইট জ্বলছিল।

ধারণা করা হচ্ছে, গাড়িটি চালু অবস্থায় কিংবা ইগনিশনে চাবি রেখেই ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, গাড়িটি যশোর থেকে ঢাকামুখী পথে চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, পরিত্যক্ত গাড়িটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কেশবপুরে একটি গাড়ি চুরির ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

পুলিশ জানায়, গাড়িটির প্রকৃত মালিকানা, নম্বরপ্লেটের অসঙ্গতি এবং এটি কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কাসেমুর রহমান শ্রাবণ/তামান্না রুপা/

দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
যুব নাগরিক শক্তি বিভাগ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেন। ছবি: খবরের কাগজ

দিনাজপুরে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিদের কোতোয়ালি থানায় নেওয়ার পর তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আরও দুইজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচমাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার নিজ খামারবাড়ি থেকে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও প্রথমদিকে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসসহ আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে অপহৃত আব্দুস সামাদের ছেলে বাদী হয়ে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করলে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলয়ের পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মী কোতোয়ালি থানায় জড়ো হন।

অভিযোগ রয়েছে, তারা পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশ ও উপস্থিত স্থানীয় জনগণের বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানায়, থানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকেই সমজিদুল মিনহাজ ও হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে তাদেরও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপহরণের শিকার আব্দুস সামাদ অভিযোগ করেন, শনিবার রাতে খামারবাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সারারাত বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। ভোরে একটি কবরস্থানে নিয়ে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা তার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে ১২ লাখ টাকায় সমঝোতা হয়।

তিনি বলেন, ‘অপহরণকারীরা তাকে বাধ্য করে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে। তাদের নির্দেশনা অনুযায়ী ছেলেকে গোর-এ-শহীদ বড় ময়দানে টাকা নিয়ে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ’অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুলতান মাহমুদ/আজহার/

হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে মো. মিলন উদ্দিন (৫০) নামে এক জেলে নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ৫নং ওয়ার্ডের মুন্সি গ্রামের আব্দুল বাবির ছেলে মো. মিলন উদ্দিন জোয়ারের সময় মেঘনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুরের দিকে অনুসন্ধান চালিয়ে মিলন উদ্দিনের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করেন। তবে দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে আরও অনুসন্ধান চালানো হলে একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর মিলন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/