ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজু উপজেলার বিনাউটি গ্রামের বাসিন্দা। গত সোমবার দুপুরে থানা থেকে সে পালিয়ে যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম খবরের কাগজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত সোমবার সকালে ধরখার ফাঁড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে আটক করেন। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য থানার একটি কক্ষে রাখা হয় আরজু মিয়াকে। পরে ওই দিন বেলা ২টার দিকে সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।’
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পরের দিন গত মঙ্গলবার দায়িত্বে অবহেলার জন্য থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আরজুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অবশেষে গতকাল ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকালই আদালতে পাঠানো হয়।