কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ সজীব বেপারী (২৩) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মরিচ্যা যৌথবাহিনীর চেকপোস্টে একটি যাত্রীবাহী অটোরিকশা তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক সজীব বেপারী (২৩) ঢাকার ধামরাই উপজেলার নান্নার এলাকার বাসিন্দা। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা টেকনাফ থেকে আসা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় এপিবিএনের লোগোযুক্ত টি-শার্ট পরা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটকের সময় তার কাছ থেকে এপিবিএনের পরিচয়পত্রও জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী গত বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারেকুর/আমান/