লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামে এক অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজিব হোসেন উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে।
শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চরআবাবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের সুপারি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টায় রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেন স্বজনরা।
শনিবার দুপুরে গ্রামবাসী বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ রাজিবের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজিবের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখেন। এ ঘটনা জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যান।
নিহত রাজিবের বাবা মোস্তফা বলেন, ‘আমার সম্বল ছিল রাজিব। অবুঝ ছেলেকে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
রফিকুল ইসলাম/রিফাত/