বরিশালের উজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার মৃত কাজী পান্নু মিয়ার স্ত্রী রোকসোনা ইয়াসমিন (৬৩) এবং একই এলাকার প্রবাসী রুবেল কাজীর মেয়ে আরফা (৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে উজিরপুর থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঈনুল/এসজি/