চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) সার কারখানা উৎপাদনে ফিরেছে।
গত ১ মে থেকে গ্যাস সরবরাহ দেওয়ার পর ২ মে বিকেল থেকে কাফকোতে সার উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির চীফ অব অপারেশন ফারুক আহমেদ।
এদিকে কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহ হওয়ায় আগামী শনিবার (৯ মে) থেকে উৎপাদনে যেতে পারে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
কাফকো সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্তের আলোকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় গত ৪ মার্চ কাফকো কারখানায় উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির চীফ অব অপারেশন ফারুক আহমেদ। তিনি খবরের কাগজকে বলেন, গ্যাস পাওয়ার পর কারখানার উৎপাদন শুরু হয়েছে এবং দৈনিক প্রায় ১৮শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।
ডিএপিএফসিএল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালঘ্ন থেকে পার্শ্ববর্তী দুই বৃহৎ সার কারখানায় সিইউএফএল এবং কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহের মাধ্যমে ডিএপিএফসিএল ইউরিয়া উৎপাদন করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কারখানা দুটি বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়া সরবরাহ সম্ভব হয়নি। ফলে ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও বন্ধ হয়ে যায়।
এবিষয়ে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল খবরের কাগজকে বলেন, কাফকো উৎপাদনে ফিরায় আমরা অ্যামোনিয়া পাচ্ছি। তবে কিছুদিন মজুদ করার পর আগামী শনিবার থেকে ডিএপিএফসিএল কারখানায় উৎপাদন শুরু হবে।
সরকারি নির্দেশনায় গত মার্চ মাসের ৪ তারিখে হতে সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত করা হয়। এরমধ্যে কাফকো উৎপাদনে ফিরলেও সিইউএফএল বন্ধ রয়েছে।
এদিকে কাফকোর উৎপাদন বন্ধের পর অ্যামোনিয়া সংকটে গত ১৯ এপ্রিল বন্ধ হয়ে যায় ডিএপি সার কারখানা।
পাশের দুই সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। কারখানা দুটি বন্ধ থাকায় এটিও বন্ধ হয়ে যায়।
কাফকোর উৎপাদনে আসার খবরে ডিএপি সারকারখানাও আশার আলো দেখছে।
আতিকুল/ আমান