চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চক্রেশো আবাসিক এলাকা ও রৌফাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামসহ ডাকাতদলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চক্রেশো আবাসিক এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তররা হলেন- মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি শক মেশিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় বৃহস্পতিবার (১৪ মে) সকালে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেনের রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪) ও আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার, একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্বকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রকিবুল হাসান (২০) এর বিরুদ্ধে একটি মাদক মামলা, মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮) এর বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ তিনটি মামলা, মো. সম্রাট (৩১) এর বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে তিনটি মামলা, মো. রবিউল হোসেন (২৪) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতির দুটি মামলা, জাহিদ হাসান (২৪) এর বিরুদ্ধে ডাকাতির দুটি মামলা ও মো. রাজু (৩৪) এর বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে।
এসএন/