পৃথিবীর অনেক দেশের নাম সময় ও পরিস্থিতির কারণে বদলে গেছে। বদলে যাওয়া কিছু দেশের নাম ও কারণ জানাচ্ছেন আহমেদ রিয়াজ।
হল্যান্ড থেকে নেদারল্যান্ডস
দেশটির নাম ছিল হল্যান্ড। কিন্তু ২০২০ সালের জানুয়ারি থেকে নেদারল্যান্ডস নামে পরিচিত। নেদারল্যান্ডসের একটি প্রদেশের নাম হল্যান্ড। মাদকের কারণে দেশটির ভাবমূর্তিতে টান পড়েছিল। ডাচ সরকারের বক্তব্য দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতেই এ নাম বদল।
সোয়াজিল্যান্ড থেকে এসওয়াতিনি
সুইজারল্যান্ডের সঙ্গে নামের মিল থাকায় সোয়াজিল্যান্ডের নাম বদলে রাখা হলো এসওয়াতিনি। ২০১৮ সালের এপ্রিলে আফ্রিকার এ দেশের রাজা এ নাম বদলের নির্দেশ জারি করেন।
আপার ভোল্টা থেকে বুরকিনা ফাসো
আফ্রিকার দেশ আপার ভোল্টা। ১৯৮৪ সালের ২ আগস্ট দেশটির প্রেসিডেন্ট শংকর জাতীয় সংসদে রাষ্ট্রপতির নির্দেশ জারির মাধ্যমে দেশের নাম বদলে রাখেন বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো অর্থাৎ মানুষের ভূমি। দেশটি দরিদ্র কিন্তু সৎ মানুষের আবাস। সেই কারণে এই নাম বদল।
বার্মা থেকে মিয়ানমার
বর্মি সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি ছিল বলে দেশটির নাম ছিল বার্মা। ১৯৮৯ সালে দেশটির ক্ষমতা দখল করে রাখা সামরিক সরকার দেশের নাম বদলে স্থানীয় ভাষায় রাখে মিয়ানমার।
সিয়াম থেকে থাইল্যান্ড
আট শ বছর দেশটিতে সিয়াম রাজবংশের শাসন ছিল। সিয়াম শব্দটার উৎপত্তি আবার সংস্কৃত শ্যামা থেকে। শ্যামা অর্থ কালো বা অন্ধকার। ১৯৩৯ সালের ২৪ জুন ফিল্ড মার্শাল ফিবুন সংক্রাম দেশটির নাম বদলে থাইল্যান্ড রাখেন। যাতে দেশের মানুষ এই নামে দেশটিকে ডাকতে স্বাচ্ছন্দ বোধ করেন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত দেশটি আবার সিয়াম নাম ধারণ করেছিল। তারপর আবার থাইল্যান্ড নামে ফিরে যায় এবং এখন অব্দি এই নামেই পরিচিত।
জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা থেকে নামিবিয়া
১৮৮৪ থেকে ১৯১৫ সাল পর্যন্ত আফ্রিকার দেশ জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা ছিল জার্মান সাম্রাজ্যের উপনিবেশ। এরপর ১৯৯০ সালের ২১ মার্চ দেশটি নামিবিয়া নামে স্বাধীনতা অর্জন করে।
জায়ার থেকে কঙ্গো
ইউরোপিয়ান উপনিবেশগত পরিচয় মুছে ফেলার জন্য জায়ার নামক দেশটির শাসক মোবুতু সেসে সেকো বদলে ফেলেন দেশের নাম। নতুন নাম কঙ্গো রাখা হয় ১৯৭১ সালে।
চেক রিপাবলিক থেকে চেখিয়া
জার্সিতে নাকি দেশটির নাম লিখতে বেশ ঝামেলাই পোহাতে হচ্ছিল। বেশ বড়সড় নাম। বিভিন্ন পণ্যের গায়েও দেশটির এতবড় নাম লেখা নিয়ে বিড়ম্বনাতেই পড়ত দেশটির নানা প্রতিষ্ঠান। ফলে বাকি দুনিয়ার কাছে দেশটির যথাযথ মার্কেটিং হচ্ছিল না। কাজেই ২০১৬ সালের এপ্রিলে দেশের নাম চেক রিপাবলিক থেকে সংক্ষিপ্ত করে রাখা হলো চেখিয়া।
সিলন থেকে শ্রীলঙ্কা
পর্তুগীজরা দেশটি আবিষ্কার করেছিল ১৫০৫ সালে। তারপর উপনিবেশ বানিয়ে দেশটির নাম দিয়েছিল সিলন। পরে এটা ব্রিটিশ সাম্রাজ্যের অধিকারে চলে যায় এবং ১৯৪৮ সালে স্বাধীনতা পায়। ১৯৭২ সালের মে মাসে দেশটির নাম সিলন থেকে শ্রীলঙ্কা রাখা হয়।
তুরস্ক থেকে তুর্কিয়ে
২০২১ সালের ডিসেম্বর থেকে তুরস্ক নামের দেশটির নাম হয়ে গেছে তুর্কিয়ে। আর জাতিসংঘ ২০২২ সালের ১ জুন এই নামে দেশটির স্বীকৃতিও দিয়েছে। দেশের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধকে ভালোভাবে প্রকাশ করার জন্যই এ নাম বদল।
পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ
১৯৪৭ সালে ভারত ভাগের সময় বাংলাকেও ভাগ করা হয়। ধর্মের ভিত্তিতে পাকিস্তানের প্রদেশ হয় পূর্ববঙ্গ। ১৯৫৫ সালের ১৪ অক্টোবর পূর্ববঙ্গের নাম পাল্টে রাখা হয় পূর্ব পাকিস্তান। এরপর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীন দেশটি বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়।
কলি