নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জানিয়েছে সঠিক বার্তা দিতে প্রচারপত্র বিলির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ শীর্ষক এই প্রচারপত্র তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছাতে বলা হয়েছে। দুই পৃষ্ঠার এই প্রচারপত্রে সম্প্রতি অভিভাবক মহল থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগের উত্তর দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নেই, শিক্ষার্থীরা শিখছে না- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি মিথ্যাচার। মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব বলা হচ্ছে। শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশি পড়বে, নিজেরা সক্রিয়ভাবে শিখবে। গ্রুপ ওয়ার্ক করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে। শুধু জ্ঞান নয়, দক্ষতাও অর্জন করবে। আর মূল্যায়ন হবে প্রতিটি কাজের। আবার ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়নও হবে। কাজেই পরীক্ষা ঠিকই থাকছে, কিন্তু পরীক্ষার ভীতি থাকছে না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং না হওয়াও আছে। শুধু তাই নয়, পারদর্শিতার সাতটি স্কেলে তাদের রিপোর্ট কার্ডও আছে।
এতে আরও বলা হয়, এই শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা যখন উচ্চমাধ্যমিক পাস করবে, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তারা যাতে সফল হয়, সেই সব কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।
এমএ/