চিকিৎসাবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল বিজয়ীর নাম আজ (২ অক্টোবর) ঘোষণা করবে নোবেল কমিটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছে তারা।
প্রত্যেক বছরই অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
পিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অর্থ্যাৎ বাংলাদেশ সময়ে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল কার্যক্রম শুরু হবে।
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার বিজয়ী নির্ধারণ করতে কাজ করে থাকে সুইডেনের চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় ‘ক্যারোলিন্সকা ইনস্টিটিউট’। তবে তারা কেবল বিজয়ীর নাম সুপারিশ করে থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা নোবেল কমিটির পক্ষ থেকেই আসে।
এদিকে ‘নোবেল প্রাইজ’ পেজের ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনরা ধারণা করছেন, এবারে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেতে যাচ্ছেন কোনো নারী বিজ্ঞানী। স্ট্যাটাসেও ইঙ্গিত মিলেছে এমনই।
স্ট্যাটাসটিতে স্বরণ করা হয়েছে, নারী বিজ্ঞানী বারবারা ম্যাকক্লিনটককে। ৪০ বছর আগে মোবাইল জেনেটিক উপাদান নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।
এর আগে ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পাবো। তার অবদান ছিল, তিনি মানুষের বিবর্তনের ধারা গবেষণা করে বিলুপ্ত হোমিনিনের সক্রীয় জিন পেয়েছিলেন মানবদেহে। এ ছাড়াও মানবপ্রজাতির বিলুপ্ত নিকট আত্মীয় নিয়ানডার্থালদের জিন মানচিত্র তৈরি করেছিলেন তিনি। পাশাপাশি আরও একটি অজানা হোমিনিন ডেনিসোভার অস্তিত্বও আবিষ্কার করেছিলেন তিনি।
পেবো প্রায় ২০ বছর ধরে চালানো তার গবেষণায় দেখিয়েছেন, প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে ইউরেশিয়া অঞ্চলে অভিবাসনের সময় হোমিনিনের সঙ্গে মানুষের আন্তঃপ্রজনন ঘটে। এর ফলে সে হোমিনিনগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও আধুনিক মানুষ অর্থ্যাৎ হোমো সেপিয়েন্সে সেই জিন এখনও রয়েছে।