হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলায় তদন্ত শেষে ২২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৫ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনের পরিদর্শক রাশেদুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে না পেরে সময় চেয়ে আবেদন করেন। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আগামী ২২ নভেম্বরের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন। গত ৩ সেপ্টেম্বর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার, যার ওজন ৮ দশমিক ২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে আটক ৩৮৯টি ডিএম বারের মোট ওজন ৪৭ দশমিক ৪৯ কেজি স্বর্ণ আলমারির লকার ভেঙে চুরি হয়। গত ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে কে বা কারা ওইসব স্বর্ণবার ও স্বর্ণালংকার গোডাউন থেকে চুরি করেছে। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের বার, অলংকারসহ মূল্যবান জিনিস ওই গুদামে রাখা হয়। গুদামে রাখা স্বর্ণের হিসাব মেলাতে গিয়েই চুরির ঘটনাটি জানাজানি হয়।