বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় কানাডার দুই পুলিশের ফের সাক্ষ্যগ্রহণ করবেন বিচারিক আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই পুলিশ সদস্য কেভিন দুগ্গান ও লয়েড শোয়েপের ফের সাক্ষ্য নেবেন আদালত। কমিশনের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত বৃহস্পতিবার (২ নভেম্বর) এ আদেশ দেন। আদেশে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
এ মামলায় সাক্ষ্য দিতে বিদেশি এই দুই পুলিশ সদস্যকে গত ১৯ অক্টোবর সমন পাঠানো হয়। এর আগে গত ১৯ মার্চ এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করে দুদক। পরের বছর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ, জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান এই মামলায় আসামি ছিলেন। তারা মারা যাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
এমএ/