সাবেক সমাজকল্যাণ-মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জুলাই গন আন্দোলনে ঢাকার শনিরআখড়া এলাকায় শিক্ষার্থী জুবাইদ ইসলাম নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় আবারও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। শুনানির আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম গত ৮ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার বিবরণে জানা গেছে, চব্বিশের আন্দোলন চলাকালীন সময় ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ির শনিরআখড়ার গোবিন্দপুর আন্ডারপাস এলাকায় গুলিতে নিহত হন জুবাইদ। পরে এ ঘটনায় মামলা করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তর করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
জলিল উজ্জ্বল/নাঈম