বাংলাদেশ সরকারের সংবিধান ও আইন রক্ষার শপথ থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।
নতুন বিচারপতি বলেন, 'আমি কখনও আমার আইন পেশায় এসে সংবিধান ও শপথ থেকে বিচ্যুত হইনি। প্রধান বিচারপতি হিসেবে আসীন হতে গিয়ে চারবার শপথ গ্রহণ করতে হয়। নীতিগতভাবে আমি কখনও আপোষ করিনি। কঠোর সাধনার পর এ পদে আসতে পেরেছি। নিয়মিত দায়িত্ব পালন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে কাজ করতে হয়েছে আমাকে।'
তিনি আরও বলেন, 'প্রধান বিচারপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পদে নতুন দায়িত্ব পেয়েছি আমি। এজন্য সত্যি আমি গর্বিত।'
এ সময় প্রধান বিচারপতি সঠিক ও সুষ্ঠুভাবে যেন দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তিনি ছোটবেলার স্মৃতি বিজড়িত এলাকায় ঘুরে দেখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা দায়রা জজ শাজাহান কবীর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিষ্ট্রার সাইফুর রহমান, হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন প্রমুখ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাড়ি মোহনগঞ্জ উপজেলার ছয়াশি গ্ৰামে। গত ২৬ সেপ্টেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে শপথ গ্রহণ করেন তিনি।