বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে, তা আরো দৃঢ় হবে বলে বিশ্বাস করি।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সরকারের অর্থায়নে কাশিনগর ডিগ্রি কলেজের অনার্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক গত এক দশকে আরো উন্নত এবং সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের যে উন্নয়ন তা প্রতিটি ভারতবাসীর জন্য গর্বের।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ভোগৌলিক-সামাজিক-সংস্কৃতিক-অর্থনৈতিক মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একসাথে মিলেমিশে কাজ করলে সমৃদ্ধি হতে পারে। একা সমৃদ্ধ হওয়া যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। তার প্রমাণ মুক্তিযুদ্ধের সময় পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে দীর্ঘ ৯ মাস আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। সেময় বন্ধুরাষ্ট্র ভারত আমাদের সহযোগিতা করেছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই ইউনিভার্সাল ট্রুথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিনগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল আলম।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসান, পৌরসভার মেয়র মীর আহমেদ মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।