কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরফানুল হক।
তার পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় ফের অসুস্থ হয়ে পড়েন। গত ৬ ডিসেম্বর তাকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময় সাড়ে ৮টা) মারা যান তিনি।
তুষার/সালমান/