ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠক ঢাকা-মস্কো সম্পর্কে প্রভাব ফেলবে না।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) অনুষ্ঠান ডিকাব টকে এক প্রশ্নের জবাবে একথা জানান রুশ রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কিই বৈঠক করতে চেয়েছেন। ওই বৈঠকে নিজের ফর্মুলা নয় বরং জেলেনস্কি পশ্চিমা ফর্মুলা দেবেন। এটা ভণ্ডামি। পরিতাপের বিষয় হলেও সত্য, কোনো কোনো পশ্চিমা রাষ্ট্র বাংলাদেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশকে ভারতের চোখে দেখে না রাশিয়া। ঢাকা নিয়ে মস্কোর নিজস্ব লিখিত নীতিমালা আছে। ঠিকমতো সমঝোতা করতে পারলে ভারতের মতো বাংলাদেশেও কম দামে তেল-গ্যাস সরবরাহ করবে রাশিয়া। তবে এ নিয়ে এখনো আগ্রহ দেখায়নি ঢাকা।’ এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, মায়ানমারে অশান্ত পরিস্থিতি তৈরিতে অনেকের ভূমিকা আছে। চীন ও ভারত অস্ত্র বিক্রি করছে সেখানে। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দ্রুত প্রত্যাবাসনের পক্ষে। কিন্তু মায়ানমারের যে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান তাতে প্রত্যাবাসন কবে শুরু হবে তা ধারণা করাই মুশকিল হয়ে পড়েছে।
জার্মানিতে প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এটি দুই নেতার প্রথম বৈঠক। সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী কেবল ইউক্রেন প্রেসিডেন্টই নয়, জার্মান চ্যান্সেলর এবং ডেনমার্ক ও ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করবেন। তা ছাড়া ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এমএ/