দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিটভুক্ত আসামি বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) সভাপতি ও ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৩ মে) আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন ঢাকা-১-এর সমন্বিত জেলা কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের মামলায় আদালতে গত ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হয়। ওইদিন তাকে হাজতে পাঠানোয় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী একই তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে অহিদুল ইসলাম নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।
অহিদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার অবৈধ সম্পদ ও ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে গত জানুয়ারি মাসে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এরপর গত ৩০ এপ্রিল তিনি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান আদালত। গত ৯ মে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।