পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়।’
বুধবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিনের চাকরি থেকে অবসর উপলক্ষে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন।’
আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে এস এম রুহুল আমিন সব পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরাসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। তিনি ৩১ জুলাই অবসরে যান।