অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সোয়া এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তেমনটা খোলাসা না করে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, দীর্ঘ সোয়া ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনবেন। সেসঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা ওনারা বলবেন।
বৈঠকে পরিকল্পনা, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
এর আগে ড. ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রথম বৈঠক করেন।
এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপি নেতারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ভাবনা ও নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। তারা (বিএনপি নেতারা) বলেছেন যে, এ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে।
মিজানুর রহমান সবুজ/এমএ/