জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে (নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সকাল) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হচ্ছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ড. মুহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।
বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। জাতিসংঘ সদর দফতরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন ডিনার পার্টিটিতে সবাইকে স্বাগত জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটে ড. ইউনূস ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।