ফরিদপুর জেলা পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের সোয়া সাত কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জব্দের তালিকায় ঢাকায় তার নামে একটি ফ্ল্যাট ও গোপালগঞ্জে স্ত্রীর নামে বহুতল ভবনের বিষয় উল্লেখ করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র স্পেশাল আদালতের জজ মো. জিয়া হায়দারের আদেশে গত ১৬ অক্টোবর এই সম্পদ জব্দ করা হয়। এসব সম্পদের বিষয় আয়কর নথিতে উল্লেখ করেননি ওই দম্পতি।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ইমরান আকন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ১৫ অক্টোবর তিনি বিধিমালা ২০০৭-এর বিধি ১৮-এর বিধান মতে সম্পত্তি জব্দ এবং রিসিভার নিয়োগের আবেদন করেন।
তিনি বলেন, এর আগে আদালতের আদেশে তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে থাকা তিন কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দ এবং এক কোটি ছয় লাখ টাকার ব্যাংক হিসাব স্থগিত করা হয়। এরপর অনুসন্ধানে আরও সম্পত্তির সন্ধান ও প্রমাণ পাওয়া যায়।
ইতোপূর্বে আদালত এই দম্পতির ব্যাংক হিসাব এবং কিছু স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছিলেন।
কর্মকর্তারা অনুসন্ধানকালে আরও কিছু সম্পত্তির সন্ধান পেয়েছেন। এসব সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
সঞ্জিব দাস/মেহেদী/অমিয়/