জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে এবারের ২৯তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে তোড়েজোড়ে চলছে প্যাভিলিয়নের কাজ।
রবিবার (২২ ডিসেম্বর) উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ও বাণিজ্য মেলার সহকারী পরিচালক আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বুধবার (১ জানুয়ারি) চতুর্থবারের মতো রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি) বাণিজ্য মেলা শুরু হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন।
আবু হাসান জানান, প্রতিবছরই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে কারণেই, গত জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগকে সামনে রেখে এবারের মেলা সাজানো হবে। শহীদদের প্রতি সন্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধর নামে দুটি কর্নার থাকবে। একই সঙ্গে একটি ইয়ুথ (যুবক) প্যাভিলিয়ন থাকবে।
মেলা প্রসঙ্গে তিনি আরও জানান, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই-টিকেটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।
এদিকে মেলায় ছোট-বড়সহ প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা হবে ৩৬২টি। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪০ ভাগ। মেলায় ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
হানিফ মোল্লা/তাওফিক/