নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি হলে দুদককে অনুসন্ধানের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ও অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ, অবসর ও কল্যান সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রেরণ এবং এনসিটিবির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা দুই বন্ধু কাজ করেছি। একটা বিষয় দেখেছি সব সরকার পূর্বের যে দুর্নীতি হয়েছে দুদককে সেই মামলাগুলো করতে দেয়। তবে আমরা ঠিক করেছি, আমাদের সময়ে আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য দুদককে বলব যথাযথভাব অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে এটাই হবে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি একমাত্র শ্রদ্ধা জানানোর উপায়।’
অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক এবিএম রেজাউল করীমের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) প্রফেসর আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের প্রমুখ বক্তব্য রাখেন।
কবির/তাওফিক/