সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিক্সন ও তারিনের ৭২টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার ১৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে। এর মধ্যে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেন সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম।
এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
নিক্সন চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি সংসদ সদস্য থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার ৫৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
তারিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তারিন হোসেন তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। এ মামলায় নিক্সন চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে।