ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ব্যাপারে দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন নোটিশ জারি করেছেন। নোটিশ অনুযায়ী, টিউলিপ সিদ্দিককে আগামী ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি প্লট হাতিয়ে নেওয়ার মামলায় শেখ হাসিনাকে তলব করা হয়েছিল।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’-এর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।
দুদক সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনো অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগে ১৫ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়।