সরকারি কাজে আগের চেয়ে ঘুষের প্রবণতা কমলেও ৫২ শতাংশ মানুষ বলেছেন, এখনো ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না বলে জানান দেশের ৫২ শতাংশ মানুষ আর আমলাতান্ত্রিক জটিলতা ভোগ করতে হচ্ছে ৩৬ শতাংশ মানুষকে।
রবিবার (২৫ আগস্ট) ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মোড অ্যাট হাউজহোল্ড লেভেল ইন মিড ২০২৫ জরিপ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সরকার পরিবর্তনের পর আর্থসামাজিক অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে তা জানার জন্য সারাদেশে আট হাজার ৮৭টি পরিবারের ওপর তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। গত মে মাসে এই তথ্য সংগ্রহ করা হয়।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্টের আগে দ্রুত সার্ভিসের জন্য ৫৮ শতাংশ মানুষ ঘুষ দিতেন। আগস্টের পরে এই সেবা পাওয়ার জন্য ঘুষ দিচ্ছেন ৫২ শতাংশ মানুষ। বৈধ প্রক্রিয়া এড়ানোর জন্য আগে ২১ শতাংশ মানুষ ঘুষ দিতেন। এখন ৩১ শতাংশ মানুষ ঘুষ দিচ্ছেন। কাজের ঝামেলা এড়াতেই মানুষ সেবা পেতে ঘুষ দিচ্ছেন।
প্রতিবেদনে তিনি আরও বলেন, তিন বছরের ব্যবধানে দেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষ বেড়েছে। ২০২২ সালে দেশে হতদরিদ্র মানুষ ছিল ৫ দশমিক ৬ শতাংশ। বর্তমানে তা ৯ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশ দরিদ্র থাকলেও বর্তমানে তা ২৭ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।
জাহাঙ্গীর আলম/অমিয়/