ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জনসচেনতা বাড়াতে দেশব্যাপী ব্যাপক প্রচারে নেমেছে দুদক।
প্রচারের অংশ হিসেবে তিনটি স্লোগান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- ‘দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন’, ‘দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট’, ‘সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।’
এ ব্যাপারে দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন খবরের কাগজকে জানান, নির্বাচনের সময়ে ভোটারদের মাঝে দুর্নীতিবিরোধী মূল্যবোধ জোরালো করাই এই প্রচারের মূল উদ্দেশ্য। বিশেষ এই প্রচারে দেশের প্রতিটি জেলা-উপজেলায় ওই তিনটি স্লোগান সম্বলিত বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি জনস্বার্থে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সব সামাজিক মাধ্যমে দুদকের দুর্নীতিবিরোধী বার্তা প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক মনে করে, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে যোগ্য প্রার্থী নির্বাচন করার কোনও বিকল্প নেই। সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই পারে দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে।
মতলু মল্লিক/এসএন