সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে ‘সান্ডা’ বা ‘দব’ খাওয়া নিয়ে ব্যাপক আলোচনা ও জিজ্ঞাসা দেখা যাচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এই প্রাণী ভক্ষণ করা ইসলামিক শরিয়াহ অনুযায়ী হালাল কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল ও বিভ্রান্তি। আসুন, কোরআন, হাদিস ও বিভিন্ন ইসলামিক ফিকহবিদদের মতামতের আলোকে বিষয়টি স্পষ্ট হওয়া যাক।
প্রথমেই সান্ডা, দব ও গুইসাপের মধ্যেকার পার্থক্য জানা জরুরি। সান্ডা মূলত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় দেখা যায়, যা দেখতে গুইসাপের মতো এবং সরীসৃপ শ্রেণির অন্তর্ভুক্ত। মরুভূমির দব মূলত আরব অঞ্চলে পাওয়া যায়, যা Spiny-tailed Lizard নামে পরিচিত। অন্যদিকে, গুইসাপ এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা মেলে এবং এটিও সরীসৃপ।
ইসলামের মৌলিক নীতি অনুযায়ী, আল্লাহতায়ালা সমুদ্রের শিকার ও তার আহারকে হালাল করেছেন (সুরা মায়েদা, ৯৬) রাসুলুল্লাহ (সা.) সমুদ্রের পানিকে পবিত্র এবং এর মৃত প্রাণীকে হালাল বলেছেন (তিরমিজি,৬৯; আবু দাউদ, ৮৩)। তবে স্থলজ প্রাণীর ক্ষেত্রে ভিন্ন নীতিমালা রয়েছে।
হানাফি মাজহাবের ফিকহবিদদের মতে, মাছ ব্যতীত অন্য কোনো জলচর বা উভচর সরীসৃপ, যেমন কচ্ছপ, গুইসাপ, সাপ এবং দব খাওয়া জায়েজ নয় (হেদায়া, ৪/৩৫৭)। এই দলিল অনুযায়ী, শুধু সামুদ্রিক মাছ হালাল এবং প্রকৃতিগতভাবে অপবিত্র বা অরুচিকর সকল প্রাণী হারাম (ফতোয়ায়ে হিন্দিয়া, ৫/২৯০; বাদায়েউস সানায়ে, ৫/৮০)। যেহেতু দব সরীসৃপ শ্রেণির অন্তর্ভুক্ত, তাই হানাফি মাজহাবে এটি ভক্ষণ করা হারাম।
অন্যদিকে, মালিকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবের আলেমরা সামুদ্রিক সকল প্রাণীকে হালাল বললেও, সাপ ও উভচর প্রাণীকে হালাল মনে করেন না। তবে, এই তিন মাজহাবে দব খাওয়া জায়েজ। এর স্বপক্ষে তারা সহিহ বুখারির ৫৩৯১ ও সহিহ মুসলিমের ৪৯৪৪ নম্বর হাদিস উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে সাহাবিগণ রাসুলুল্লাহ (স.)-এর উপস্থিতিতে দব খেতেন। রাসুলুল্লাহ (সা.) নিজে এটি খাননি এবং সাহাবিদের নিষেধও করেননি, বরং বলেছিলেন, ‘এটি আমার এলাকায় ছিল না, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না। কিন্তু তোমরা খেতে পারো, কারণ এটি হারাম করা হয়নি।’
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনও তাদের প্রকাশিত সহিহ বুখারির অনুবাদে এই হাদিসটি উল্লেখ করেছে এবং তাদের দৃষ্টিতে যেহেতু রাসুলুল্লাহ (স.) এটিকে হারাম বলেননি, তাই আরব অঞ্চলে এটি জায়েজ হিসেবে গণ্য।
সাম্প্রতিক সময়ে দারুল ইফতা বাংলাদেশের ফতোয়া নং ৩২১/২০২৪-এ উল্লেখ করেছে যে, হানাফি মাজহাবে দব খাওয়া মাকরুহ (অপছন্দনীয়), তবে হারাম নয়। অন্যান্য মাজহাবে এটি হালাল। যেহেতু রাসুলুল্লাহ (সা.) এটিকে নিষেধ করেননি, তাই শরিয়াহ মতে এটিকে সম্পূর্ণরূপে হারাম বলা যাবে না।
অতএব, সান্ডা ও গুইসাপ সরীসৃপ হওয়ায় অধিকাংশ ইসলামিক স্কলারের মতে তা ভক্ষণ করা জায়েজ নয়। হানাফি মাজহাবে এটি মাকরুহ বা হারাম গণ্য হলেও, মালিকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবে এটি হালাল। যারা দব খেয়ে অভ্যস্ত, তারা নিজ নিজ মাজহাবের মতামতের আলোকে সিদ্ধান্ত নিতে পারেন। তবে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শরিয়াহ নির্দেশিত হালাল খাদ্য গ্রহণ করাই সর্বদা শ্রেয়।
লেখক: আলেম ও সাংবাদিক