ঠান্ডা মাথার নেতৃত্ব কিংবা মাঠে দল চালানোর সময় উত্তেজিত না হয়ে শান্ত থাকায় মহেন্দ্র সিং ধোনির সুনাম রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের আইসিসির সকল শিরোপা জিতিয়েছেন নিজেদের নেতৃত্বগুণে। নামের সঙ্গে লেগে আছে ‘ক্যাপ্টেন কুল’ তকমাও।
এবার সেই নামকেই নিজের করে নিতে চাইছেন ভারতের এই সাবেক অধিনায়ক। এই নাম বা উপাধি যেন আর কেউ ব্যবহার করতে না পারে তাই এটিকে ট্রেডমার্ক করতে আগ্রহী ধোনি।
সেই লক্ষ্যে পদক্ষেপও নিয়েছেন তিনি। গেল মাস তথা জুনের ১৬ তারিখ এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আবেদন করেছেন তিনি।
যদিও প্রক্রিয়াটি এতটা সহজ নয়। আগেও তিনি এই নামের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আপত্তি তোলা হয় ‘ট্রেডমার্ক আইন’ এর ১১(১) ধারার কারণে। ধোনি আবেদনের আগেই ইতোমধ্যে একজন তা রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে। ফলে ছিল বিভ্রান্তির শঙ্কা।
তবে ধোনির আইনজীবীরা যুক্তি দেন, ‘ক্যাপ্টেন কুল’ নামটি দীর্ঘদিন ধরে ধোনির সঙ্গে একাত্ম হয়ে গেছে।
কেবল ক্রিকেটপ্রেমীরাই নয়, পত্র-পত্রিকাতেও তাকে ক্যাপ্টেন কুল নামে পরিচিত করানো হয়। এছাড়া ‘ক্যাপ্টেন কুল’ নামটি শুধু ক্রীড়া ও বিনোদনের সঙ্গে যুক্ত, যেখানে এর ওপর অন্য কোনো স্বত্ব নেই। তাই বিভ্রান্তির সম্ভাবনা নেই।
ধোনির আইনজীবী মানসী আগরওয়াল জানিয়েছেন, তারা অত্যন্ত সন্তুষ্ট কারণ ট্রেডমার্ক অফিসাররা তাদের যুক্তিগুলো বোঝার চেষ্টা করেছেন। প্রত্যাখ্যানের কারণগুলোর যথাযথ উত্তরও তারা প্রদান করেছেন।
ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ব্যবসায়েও সক্রিয়। তাই তার নামে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করানো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে ধোনি ‘ক্যাপ্টেন কুল’ নামটি স্পোর্টস অ্যাকাডেমি, কোচিং সেন্টার ও ফিটনেস সেন্টারের ব্যবসায় ব্যবহার করতে চান।