পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটেরই সবচেয়ে বেশি ক্ষতি করবে। তিনি সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে- যেন পাকিস্তান ভারতের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।
রবিবার পাকিস্তান সরকার জানায়, দলটি বিশ্বকাপে অংশ নেবে কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন কানেরিয়া। আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তান আগেই বলেছিল তারা ভারতে খেলতে যাবে না এবং সেটি মেনে নেওয়া হয়েছিল। তাই ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে। এবার ভারত-পাকিস্তান ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তাহলে এই ম্যাচ বয়কটের কোনো যুক্তি নেই।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ভাবছে তারা বাংলাদেশকে সমর্থন করছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাদের উচিত নিজেদের ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া। এই সিদ্ধান্তে মানুষ ভাববে- পাকিস্তান ভারতের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তাই খেলতে অস্বীকৃতি জানাচ্ছে।’
কানেরিয়া মনে করেন, এই সিদ্ধান্ত পাকিস্তানের নকআউট পর্বে পৌঁছানোর পথকে আরও কঠিন করে তুলেছে, ‘এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের সেমিফাইনাল বা নকআউটে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেছে। এটি খুবই ভুল সিদ্ধান্ত।’
সম্ভাব্য নকআউট ম্যাচের কথা তুলে ধরে কানেরিয়া প্রশ্ন তোলেন, ‘আপনি প্রথম ম্যাচ খেললেন না। কিন্তু যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হন, তখন কি বলবেন- আমরা খেলব না, ট্রফি তুলে নাও? মাঠে নেমে লড়াই করে জিতলেই সেটি প্রকৃত প্রতিশোধ হবে। বয়কট করে কিছুই অর্জন করা যায় না।’
কানেরিয়া তার বক্তব্য শেষ করেন এভাবে, ‘আমি মনে করি অনেক পাকিস্তানি ক্রিকেটারই এই সিদ্ধান্তে অসন্তুষ্ট, কিন্তু তারা এমন অবস্থায় আছেন যে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।’
অনিক/