শেষ হলো বাংলাদেশের শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সবচেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলা। গত শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনের এ আয়োজন রবিবার (২৬ জানুয়ারি) শেষ হয়। মেলায় ছিল গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেম ও আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের অংশগ্রহণে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের পঞ্চমবারের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে ছিল গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার, হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্লাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড। তিন দিনের এ মেলায় বিভিন্ন বয়সী প্রায় ২৭ হাজার শিশু ও তাদের অভিভাবকরা মেলা পরিদর্শন করে। ঢাকার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুল এ মেলায় অংশ নেয়।
এতে প্যারেন্টিং সেশন নেয় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইউটিউবে শিশুদের ইংরেজি শেখানো উম্মে মাইসুন, সামাজিক যোগাযোগ মাধম্যে বাপকা বেটা খ্যাত শুভাশীষ ভৌমিক।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং গ্রামীণ ডানোন শক্তির হেলদি জোন। ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে। হেলদি জোনে ছিল শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ। মেলায় শিশুদের জন্য আরও আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনের টি শার্ট বানানোর সুযোগ ।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, মেলায় শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে একসঙ্গে করা। এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
বিজ্ঞপ্তি/মাহফুজ