কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীতে দুই জেলের বড়শিতে ধরা পড়ল ২৮ কেজি ওজনের দুটি কোরাল মাছ। পরে মাছ দুটি ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
বুধবার (২২ নভেম্বর) সকালের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়ন ওয়াব্রাং দিয়ে নাফ নদী থেকে মাছ দুটি বড়শিতে ধরা পড়ে। পরে জেলেদের কাছ থেকে আলী আহমেদ নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।
জেলে মোহাম্মদ ইসমাইল ও জামাল খবরের কাগজকে বলেন, ‘সকালের দিকে বড়শি নিয়ে নাফ নদীর ওয়াব্রাং এলাকায় মাছ ধরার জন্য যাই। প্রায় দুই ঘণ্টা পর বড়শিতে ২৮ কেজি ওজনের দুটি বড় কোরাল ধরা পড়ে। এরপর অন্য জেলেদের সহায়তায় মাছ দুটি হ্নীলা বাজারে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করি।’
ব্যবসায়ী আলী আহমেদ বলেন, ‘বুধবার সকালে হ্নীলা ইউনিয়ন এলাকার মোহাম্মদ ইসমাইল ও জামাল ২৮ কেজি ওজনের দুটি কোরাল মাছ বাজারে বিক্রি করতে আনেন। পরে তাদের সঙ্গে দরদাম করে ২৯ হাজার ৪০০ টাকায় মাছগুলো কিনে নিই।’
তিনি জানান, প্রায় সময় নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় কোরালসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। এতে জেলেরা খুব আনন্দিত হন।
এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।’
এদিকে শীত মৌসুমে নাফ নদীতে বড়শি ফেললে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
মুহিব/ইসরাত/অমিয়/