কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পে করিম উল্লাহ (৩৭) নামে একজনকে গলা কেটে খুন করা হয়।
নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। একপর্যায়ে ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছু দূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ ফেলে রেখে যায়। খবর শোনার পর থানা পুলিশ ও এপিবিএন সদস্যরা মরদেহটি উদ্ধার করেছেন।
ওসি আরও বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে শুক্রবার ২০ নম্বর ক্যাম্পের এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।