চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে পিচ্চি সোহেল (৩২) নামে এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় গাড়ির ভেতর থেকে ২৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সাইফুল ফেনীর ছাগলনাইয়া থানার জয়পুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি রাতে মিরসরাই বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় র্যাব সাইফুলের প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে তিনি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করেন। পরে প্রাইভেটকারের ব্যাক কভারের রাখা ২৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি নগরের পতেঙ্গা মডেল থানাধীন কাটঘর এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব। সেখানে আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. শহীদুল ইসলাম (২৪), মো. সুজা উদ্দীন (২৪) ও মো. হাবিবুর রহমান (৩৭)।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি রাতে নগরের কাঠগড় এলাকায় বিদেশি বিয়ার বিক্রি করতে অবস্থান নিয়েছিলেন এই তিন মাদক বিক্রেতা। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ার জব্দ করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার খবরের কাগজকে জানান, সাইফুল ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে থাকেন। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক ও জুয়া সংক্রান্ত চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অপরদিকে নগরের কাঠগড় এলাকায়ও অভিযান পরিচালিত হয়। এ সময় বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে সাগরপথে মিয়ানমার থেকে বিয়ার সংগ্রহ করে পাইকারি ও খুচরায় বিক্রি করে আসছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ইফতেখারুল/পপি/অমিয়/


