মায়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে আহত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবিদ্ধ চার জন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মকর্তারা তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
গুলিবিদ্ধ হয়ে আহত বিজিপি সদস্যরা হলেন, ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) কর্মরত ইমারর্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া বলেন, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের চার জন গুলিবিদ্ধ সদস্যকে হাসপাতালে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ওই চার জন গুলিবিদ্ধ সদস্যকে বিজিবির পাহারায় অপারেশন থিয়েটারে রাখা রয়েছে। সেখানে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। আজ বিকাল পর্যন্ত সেখানে গণমাধ্যমকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। তবে এই চার জনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক খবরের কাগজকে বলেন, গুলিবিদ্ধদের শরীর থেকে চারটি গুলি বের করা হয়েছে। রাতেই তাদের অপারেশন সম্পন্ন হয়েছে। তারা এখন হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
৫ ফেব্রুয়ারি রাত বারোটায় দিকে চমেক হাসপাতালে বিজিপির সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে এসেছেন বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। তিনি গণমাধ্যমকে বলেন, মায়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশকিছু মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাদের বেশকিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চার জন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে তারা বিজিবির পাহারায় থাকবে।