বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে ২৫ পর্যটক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের রেইচা চেকপোস্ট এলাকায় ঢালুতে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের হালিশহর ব্যাপারীপাড়া থেকে ৩৫-৪০ জনের একটি দল বাস নিয়ে বেড়াতে আসে বান্দরবানে। সারা দিন বিভিন্ন পর্যটক কেন্দ্র ঘোরার পর বিকেলে চট্টগ্রাম ফেরার পথে বান্দরবান জেলা সদরের রেইচা চেকপোস্ট এলাকায় ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এ সময় বাসে থাকা ১৫-২০ জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ বিষয় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।’
এদিকে খবর পেয়ে দুর্ঘটনায় হতাহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে বান্দরবানে।


