চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার। কিন্তু এখনো স্টল ও প্যাভিলিয়ন তৈরি হয়নি। যার কারণে চালু হয়নি মেলা। তবে শনিবার বিকেলে মেলার মূল ফটক দিয়ে কয়েকজন দর্শনার্থীকে প্রবেশ করতে দেখা গেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের রেলওয়ে ফলো গ্রাউন্ড মাঠে মেলার মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা যায় বাম পাশে রয়েছে পুলিশ বক্স। গলি দিয়ে বাম দিকে গেলেই পার্ক। সেখানে শিশু ও সব বয়সীদের রাইডার রাখা আছে। মূল ফটকের ডান পাশে চট্টগ্রাম চেম্বার অফিস কক্ষ। এর পাশে একটা রেস্টুরেন্টের স্টল, যেখানে কাজ চলছে। আরও সামনের দিকে গেলে বিদ্যানন্দের স্টল, সেখানে প্রান্তিক কুঠির শিল্পকে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া মেলার সব গলি এখনো এলোমেলো। মিস্ত্রিরা স্টল ও প্যাভিলিয়নের সৌন্দর্য বৃদ্ধির কাজ করছেন।
এদিকে শনিবার বিকেলে মেলার মূল ফটক দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। দর্শনার্থীদের ধারণা ছিল মেলা যেহেতু উদ্বোধন হয়েছে, সেহেতু স্টলে পণ্য সামগ্রী পাওয়া যাবে। কিন্তু মেলায় প্রবেশ করে তাদের আফসোস, মেলায় কিছুই নেই। চারদিক থেকে শোনা যাচ্ছে পেরেক ও হাতুড়ির শব্দ।
বিকেলে মেলায় কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘মনে করেছিলাম মেলা জমজমাট। কিন্তু প্রবেশ করে ‘থ’ হয়ে গেলাম। কিছুই নেই।’ মূল ফটকে হুমায়ুন কবির নামের একজন দর্শনার্থী বলেন, ‘গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে তাই মেলায় এসেছি। এসে দেখি এখনো স্টলের কাজ চলছে। আসার গাড়ি ভাড়াটাও লস গেল।’
চট্টগ্রাম ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান একেএম আকতার হোসেন খবরের কাগজকে বলেন, ‘কয়েকদিনের মধ্যে মেলার সব স্টল চালু হয়ে যাবে। তবে এখনো কিছু কিছু স্টল চালু হয়েছে।’ মেলায় কত শতাংশ স্টল চালু হয়েছে প্রশ্ন করা হলে তিনি ফ্লাইটে রয়েছেন জানিয়ে বলেন, ‘খবর নিয়ে জানাতে হবে। এখন আমিও জানি না।’
চট্টগ্রাম রেলওয়ে ফলোগ্রাউন্ড মাঠে চার লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন। মেলার প্রবেশ টিকিট ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। নগরীর বিভিন্ন স্কুলের প্লে থেকে ৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে। মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।


