নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ শিশুর মৃত্যু হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন। নিহত শিশুর নাম মোবাশ্বেরা (৪)।
শামীম আহসান বলেন, ‘মোবাশ্বেরার শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়েছিল। এর আগে শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় আনার পর রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।’
জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গত শনিবার সকাল সোয়া ৮টার দিকে সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুসহ ৯ জন দগ্ধ হন। পরে ওই দিন সন্ধ্যায় অগ্নিদগ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অপর দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চমেকে আনা সাতজনের মধ্যে পাঁচজন শিশু। তাদের মধ্যে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অন্যরা হলেন জুবায়রা (২৫), তার ছেলে সোহেল (৫), রুশসিদা (৫), রবি আলম (৫), আমেনা খাতুন (২৪)। এর মধ্যে জুবায়রার শরীরের ২৫ শতাংশ, সোহেলের ৫২ শতাংশ, রুশসিদা ৫০ শতাংশ, রবি আলমের ৪৫ শতাংশ এবং আমেনা খাতুনের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।