চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা, শাড়ি-লুঙ্গি দেওয়া ও খাবারের আয়োজনের ঘোষণা দেন তিনি।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন মেয়র।
পরিদর্শকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের কথা জানার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম তরান্বিত করতে সমন্বয় করছি। আমাদের তিনজন কাউন্সিলরের তত্ত্বাবধানে পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করতে কাজ করছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। পুরুষদের লুঙ্গি ও নারীদের শাড়ি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সোমবার রাত এবং মঙ্গলবার দুপুর ও রাতের খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘর পুন:নির্মাণে টিন দেওয়া হবে।
এসময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমিসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।