লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৭তম বার্ষিক কনভেনশন আগামী ৩ ও ৪ মে চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় নেভি কনভেনশনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরের জাকির হোসেন সড়কের সেন্ট্রাল লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) কমপ্লেক্সের হালিমা রোকেয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এসময় সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’- এই স্লোগানে বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪’র ২৭তম বার্ষিক জেলা কনভেনশন আগামী ৩ ও ৪ মে নগরের টাইগারপাসের নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১ মে) বিকাল ৪টায় নগরের জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে লায়ন্স কমপ্লেক্স-এ গিয়ে শেষ হবে।
এম ডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ৯৭টি লায়ন্স ক্লাবের মাধ্যমে দুই হাজার সাতশ লায়ন সদস্য সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। লায়ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে একটি স্বতন্ত্র লিও জেলা কাজ করছে। লিও জেলায় ২ হাজারের অধিক লিও সদস্য ৪৯টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করছে।
লায়ন্সের বছরব্যাপী নানা কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড উদ্যোগের মাধ্যমে ৩১টি ক্লাবে পৃষ্ঠপোষকতায় ৬৯ জন সুবিধা বঞ্চিত শিশুর মাধ্যমিক স্তর পর্যন্ত দায়িত্ব নেওয়া হয়েছে। অন্ধত্ব নিবারণে বিভিন্ন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে আড়াই হাজারের বেশি ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। ক্ষুধা নিবারণে জেলা ও ক্লাব সমূহের উদ্যোগে সারা বছর উৎসব পার্বনে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ও অনাথালয়ের শিক্ষার্থী, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত আই ইনস্টিটিউট’এ ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে চক্ষু চিকিৎসায় নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলছে। ধীরে ধীরে আই ইনস্টিটিউট একটি পূর্ণাঙ্গ চক্ষু বিজ্ঞানের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হবে এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ এর উপকার ভোগ করবেন। এছাড়া ডায়াবেটিক সচেতনতা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, খতনা ক্যাম্প, সাদাছড়ি দিবস উদযাপন, লায়ন্স সেবা পদক, লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট, লায়ন্স ওয়েলফেয়ার ট্রাস্ট, বৃক্ষরোপন কর্মসূচিসহ বছরব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন আবু মোরশেদ, লায়ন নিশাত ইমরান, লায়ন এস এম মোরশেদ প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী, প্রেস কনফারেন্স কমিটির ট্রেজারার লায়ন নেছার আহমদ, লায়ন ডা. দেভাশীষ দত্ত, লায়ন ওসমান গণি, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন রাজিব সিনহা, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন শওকত হাসান খান, লায়ন নুরুল আবছার, লায়ন নবিউল হক সুমন, লায়ন মোরশেদ কাদের, লায়ন সাব্বির আহমেদ প্রমুখ।
এমএ/