কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজুল ইসলাম ওরফে মফু সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার পরিচালক ও অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মফু শিশু ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে গত ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। সে স্থানীয় সোনালি শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ওই দিন বিকেলে শিশুটির লাশ রাস্তার পাশের ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ।
কুমিল্লার র্যাব পরিচালক তানভীর মাহমুদ পাশা প্রেস ব্রিফিংয়ে জানান, ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় শিশুটিকে ধানখেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১১ এর একটি দল ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
জহির শান্ত/জোবাইদা/